অনলাইন ডেস্ক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩ জুন ২০২৬
দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ জুন) সিলেট নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সুচারু পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বর্তমান শিক্ষা কাঠামো নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা সমাজকে কেবল সনদধারী শিক্ষার্থী উপহার দিচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে সুনাগরিক গঠনে যে কাঙ্ক্ষিত ভূমিকা প্রয়োজন—তা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা মানুষের মধ্যে সুপ্ত নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সর্বোচ্চ বিকাশ ঘটায়। আধুনিক জ্ঞান, প্রায়োগিক দক্ষতা ও উন্নত চারিত্রিক গুণাবলির সমন্বয়ে তরুণ প্রজন্মই আগামীতে একটি বৈষম্যহীন আদর্শ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করতে পারে।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ রাজনৈতিক ও প্রশাসনিক রূপরেখা ঘোষণা করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে বর্তমান শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে।
নতুন এই শিক্ষা দর্শন একদিকে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও বৈশ্বিক দক্ষতায় সমৃদ্ধ করবে এবং অন্যদিকে তাদের সৎ, আদর্শ, নৈতিকতাসম্পন্ন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
সিলেটের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলার আমির হাবিবুর রহমান, জেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান এবং সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী।
এছাড়া ছাত্রসংগঠনটির ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়েরসহ স্থানীয় সেক্রেটারিয়েট নেতৃবৃন্দ।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |